West Bengal

3 years ago

Birbhum Railway Line Theft :বেমালুম রেললাইন চুরি! বীরভূমে আস্ত রেললাইন চুরি - চোর ধরা পড়েছে

Birbhum Railway Line Theft
Birbhum Railway Line Theft

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আক্ষরিক অর্থে 'বীরভূম' হলো বীরদের ভূমি। কিন্তু হায়! সেই বীরভূম এতদিন গোরু,কয়লা ইত্যাদি চুরির শিরোনামে ছিল। আর এখন যুক্ত হলো আস্ত রেল লাইন চুরির অভিযোগ। রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে অণ্ডাল-পলাশস্থলী শাখায় কাঁকড়তলা গ্রাম এলাকা থেকে পলাশস্থলী পর্যন্ত রেলপথের কিছু অংশ চুরি হচ্ছিল। সেই খবর পেয়ে কাঁকড়তলা থানার পুলিশ যোগাযোগ করে রেলপুলিশের সঙ্গে। শনিবার রাতে যৌথ অভিযানে উদ্ধার হয় ওই রেললাইনগুলি। ওই কাণ্ডে শেখ আলতাব এবং শেখ ইন্তাজ নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বাড়ি কৈথি গ্রামে। কাঁকড়তলা থানার পুলিশ ধৃতদের তুলে দেয় রেলপুলিশের হাতে। এই ঘটনায় বিস্মিত সকলেই। একটা কথা নাগরিক মহল মনে করছে যে, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রেল লাইন চুরি হচ্ছে আর এলাকার নেতারা তা জানেন না,তা সম্ভব নয়।

  পুলিশের তৎপরতায় ঝোপ থেকে উদ্ধার হল আস্ত রেললাইন! একটি বা দু’টি নয়, ৩০টির বেশি রেললাইনের টুকরো উদ্ধার করল পুলিশ এবং রেলপুলিশ। শনিবার রাতে বীরভূমের কাঁকড়তলা থানার কৈথি গ্রামে হানা দেয় বাহিনী। সেখানে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হল রেললাইনের ওই টুকরোগুলি। 

জানা গেছে,অণ্ডাল থেকে পলাশস্থলী পর্যন্ত রেললাইন থাকলেও সেই পথের অনেক অংশে এখন ট্রেন চলে না। কারণ, কয়লাখনি থাকার জেরে বহু জায়গায় ট্রেন চলাচলের পরিস্থিতি নেই এখন। তাই কাঁকড়তলা থেকে পলাশস্থলী পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে দীর্ঘ দিন। তার সুযোগ নিয়েই দুর্বৃত্তরা রেললাইন চুরি করেছিল বলে রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে।  একটা বিরাট অঞ্চল জুড়ে বেশ কয়েকদিন ধরে পরিকল্পনা করে এই কাজ করে যাচ্ছিল চোরেরা।

এ নিয়ে বীরভূমের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ‘‘গোটা ঘটনার তদন্তে আমরা সব রকম সহযোগিতা করছি রেলপুলিশকে। পাশাপাশি, আরও যারা জড়িত আছে তাদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে।’’ আশা করা যায় অচিরেই পুরো বাহিনী ধরা পড়বে।

You might also like!