
শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারি : চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ মন্ত্রীর আপ্ত সহায়ক বা পিএ মেডিকেল কর্তৃপক্ষকে ফোনে জানান, উদয়নবাবু চিকিৎসার জন্য মেডিকেলে আসতে চান। সেই মতো বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সতর্ক করা হয়। কর্তৃপক্ষের তরফে যাবতীয় ব্যবস্থা করা হয়েছিল।
এদিন বেলা সোয়া ১২টা নাগাদ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কনভয় মেডিকেলে ঢোকে। তিনি শ্বাসকষ্ট ও কাশি হচ্ছে বলে জানালে সঙ্গে সঙ্গে কার্ডিওলজি বিভাগের প্রধান সহ তাঁর পুরো টিমকে সেখানে ডাকা হয়। ইসিজি সহ অন্য শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, মন্ত্রীর তেমন কোনও সমস্যা নেই। কিছু ওষুধ ও পরামর্শ দেওয়া হয়েছে। উদয়ন বলেন, ‘আমি নিজের চিকিৎসার জন্যই মেডিকেলে এসেছিলাম। উত্তরকন্যায় মিটিং শেষ করে এখানে আসি। নিজের চিকিৎসার পাশাপাশি মেডিকেলের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজ খবরও নিয়েছি।’
