
বানারহাট, ১৯ জানুয়ারি : জলপাইগুড়ির বানারহাট হাটখোলা এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে গেল দুটি বাড়ি। বুধবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধুপগুড়ি ও মালবাজার দমকল কেন্দ্রের তিনটি ইঞ্জিন। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে। যদিও এদিন কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন রাতে সোনু পন্ডিতের বাড়িতে আগুন লাগে। এরপর আগুন মুহূর্তে পাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রাই প্রথম আগুন নেভাতে হাত লাগায়। ধুপগুড়ি থেকে ইঞ্জিন আসতে আসতে আগুন ছড়িয়ে পড়ে। তবে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। তবে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড। ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয়রা বানারহাটে একটি দমকল কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন।
