
পূর্ব মেদিনীপুর, ৮ এপ্রিল : আদালতের নির্দেশ হাতে নিয়ে পূর্ব মেদিনীপুরের ময়নায় সভা করল বিজেপি। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার কয়েক ঘণ্টা আগে আবার উত্তপ্ত ময়নার বাকচা এলাকা। দলীয় পতাকা ঝোলানো নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় বাকচা গ্রাম পঞ্চায়েত এলাকায়। শনিবার দুপুরে ইজমালিচক ফুটবল মাঠে সভা করতে আসেন শুভেন্দু। তার আগে শুরু হয় ঝামেলা। বিজেপির অভিযোগ, শুক্রবার রাতে এলাকার বিভিন্ন জায়গায় দলের পতাকা টাঙাতে গেলে তৃণমূল তাদের বাধা দেয়। বিজেপির পতাকা ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
স্থানীয় তৃণমূল নেতা অনিল কুমার দাসের দাবি, “‘দুয়ারে সরকার’ চলছে বলে এলাকায় তৃণমূলের পতাকা লাগানো রয়েছে। বিজেপির ছেলেরাও রাতে পতাকা টাঙাতে আসে। শুক্রবার গভীর রাতে আমাদের পতাকা ছিঁড়ে ফেলে দেয় বিজেপির লোকজন। বাধা দিতে গেলে আমাদের কর্মীকে বেধড়ক মারধর করে বিজেপির গুন্ডাবাহিনী। পরে পুলিশে খবর দেওয়া হলে এলাকায় টহলদারি শুরু হয়।’’
বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি আশিস মণ্ডলের অভিযোগ, “তৃণমূল এখন নিজেদের পতাকা ছিঁড়ে ফেলে বিজেপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে।”
