
দিনহাটা, ২৭ জুন : কোচবিহার জেলার দিনহাটার গিতালদহে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন,‘বিজেপি প্রতিবেশী রাষ্ট্র থেকে দুষ্কৃতী এনে হামলা চালিয়েছে’ । যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির স্থানীয় নেতারা।
পুলিশ সূত্রে খবর, এদিন সকালে দিনহাটার জারিদল্লাহ গীতালদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে অশান্তি শুরু হয়। মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সেই সময় চলে গুলি। জখম হন ছয় জন। জখমদের মধ্যে চার জন দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি, বাকি দুই জনকে এমজেএন মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। তাঁদের মধ্যে বাবু হক নামে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর অভিযোগ, ‘বিজেপি প্রতিবেশী রাষ্ট্র থেকে দুষ্কৃতী এনে হামলা চালিয়েছে।’ আবার তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের দলের কর্মীকে খুন করে বাংলাদেশে পালিয়েছে। যদিও সেই অভিযোগ উড়িয়ে বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়ের পাল্টা দাবি, ‘এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই ওই ঘটনা ঘটেছে।’ ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
