
কেতুগ্রাম, ১২ জানুয়ারি : পূর্ব বর্ধমানের কেতুগ্রাম এলাকায় ভরা বাজারে প্রকাশ্যে গুলি তৃণমূল কর্মীকে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য । গুলিতে মৃত্যু হয়েছে কাটোয়ার বালি ব্যবসায়ী তথা তৃণমূল কর্মী দুলাল শেখের। বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে কেতুগ্রামের আমগরিয়ায় আত্মীয়র সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বালি ব্যবসায়ী দুলাল শেখ। সেখানেই বাজারে বসে কথা বলছিলেন তিনি। অভিযোগ, সেই সময় কেউ খুব কাছ থেকে তাঁকে গুলি করে মাথায়। এরপরেই দুষ্কৃতী এলাকা ছেড়ে পালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুলালবাবুর । এলাকায় তিনি সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত ছিলেন। জনবহুল এলাকায় এভাবে শুট আউটের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। পুরনো আক্রোশের জেরে দলেরই লোকজন তাকে খুন করেছে বলে অভিযোগ পরিবারের। তবে সঠিক কী কারণে খুন ঘটনার তদন্তে কেতুগ্রাম থানার পুলিশ।
