
চালসা, ৫ ফেব্রুয়ারি : সংস্কারের জন্য আপাতত বন্ধ হয়ে গেল ডুয়ার্সের অন্যতম পর্যটন কেন্দ্র মূর্তি সেতুর ওপর দিয়ে যাতায়াত। জলপাইগুড়ি জেলা প্রশাসন জানিয়েছে, মূর্তি সেতুটি সংস্কার করার কাজ শুরু হবে শীঘ্রই।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসেই জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু, জেলার পূর্ত দফতরের আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক করার পর এই সিদ্ধান্ত নিয়েছেন। এই সেতুটি বন্ধ হওয়ার ফলে পর্যটকরা এখন ওই রাস্তা এবং ওই রাস্তার দুপাশের জঙ্গলের শোভা উপভোগ করতে পারবেন না।
অন্যদিকে, এই ব্রিজটি বন্ধ হবার কারণে পর্যটকদের প্রায় ১০ কিমি পথ বাড়তি ঘুরে যেতে হবে চাপড়ামারি এবং চন্দ্রচূড় নজর মিনারে যাবার জন্য। এতে কিছুটা বাড়তি টাকা গুনতে হবে পর্যটকদের। এদিকে পর্যটকদের পরিষেবা দেওয়ার জন্য জিপসি মালিকরা নিজেদের মধ্যে বৈঠকে বসতে চলেছেন চলতি মাসে। বাড়তি রাস্তা যেতে বাড়তি তেল লাগছে, ফলে জিপসি মালিকরাও চাইছেন পর্যটকদের যাতে অসুবিধা না হয় সেই বিষয়টি মাথায় রেখে তারাও পর্যটকদের থেকে বাড়তি টাকা নেবেন বলেও জানিয়েছেন মূর্তি জিপসি ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে। বিষয়টি নিয়ে জেল প্রশাসন এবং জেলা পুলিশের তরফে জানানো হয়েছে ওই রাস্তা বন্ধের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর এবং পর্যটন ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। নতুন করে ব্রিজটি সংস্কারের পর ফের এই রাস্তায় গাড়ি চলাচল শুরু হবে বলেও প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
