
মুর্শিদাবাদ, ১৩ জানুয়ারি : বহরমপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মোটরবাইকে বাড়ি ফেরার পথে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে তিনজনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, মুর্শিদাবাদের হরিহরপাড়ার খিদিরপুর কলোনির বাসিন্দা সোমনাথ বিশ্বাস, গদাই বিশ্বাস এবং সৌভিক বিশ্বাস। বৃহস্পতিবার রাতে বাইকে হরিহরপাড়া অর্থাৎ বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয় বাইকটি। রাস্তায় ছিটকে পড়েন তিন যুবক। শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে দিয়ে দেখেন রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে তিনজন। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে।
দ্রুতই আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করে। শুক্রবার সকালে মৃত্যু হয়েছে আরও ২ জনের। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
