
বোলপুর, ২৪ ফেব্রুয়ারি : এভাবেই আমরা এগোতে থাকলে সেই দিন দূরে নয়, যেদিন আমাদের দেশের অর্থনীতি অন্যতম দেশ হিসাবে শীর্ষে পৌঁছে যাবে। আমাদের অর্থনীতি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসাবে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। বিশ্বভারতীতে দাবি রাজনাথের। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসবে যোগ দিতে দু'দিনের বীরভূম সফরে শান্তিনিকেতনে এসেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
শুক্রবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে যোগ দেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অনুষ্ঠানে উপস্থিত হন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার থেকে শুরু করে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী৷ শান্তিনিকেতনের আম্রকুঞ্জে জহরবেদীতে ঐতিহ্য মেনে সমাবর্তনের আয়োজন হয়।
বিশ্বভারতীর সমাবর্তনে যোগ দিতে বৃহস্পতিবার রাতেই শান্তিনিকেতন পৌঁছেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার সকাল থেকেই ছাত্র ছাত্রীদের ভিড় ক্যাম্পাসে। সকালেই ছাতিমতলায় গিয়ে শ্রদ্ধা জানান প্রতিরক্ষামন্ত্রী৷ পরে রবীন্দ্রভবন সংগ্রহশালা ঘুরে দেখে সমাবর্তনে অংশ নেন তিনি উদয়ন গৃহে কবি কক্ষে পুস্পার্ঘ নিবেদন করে কবি কে শ্রদ্ধা জানান।পরে শোভাযাত্রা করে আম্রকুঞ্জে এসে পৌঁছন অতিথিরা প্রথা অনুযায়ী ভবন অধ্যক্ষদের হাতে শংসাপত্র ও সপ্তপর্ণী (ছাতিমপাতা) তুলে দেন দুই কেন্দ্রীয় মন্ত্রী৷
সমাবর্তন উৎসবের মঞ্চে এসে আপ্লুত রাজনাথ৷ বক্তৃতার শুরুতে বাংলায় রাজনাথ সিং বলেন 'আপনাদের মধ্যে এসে আমার খুব ভালো লাগছে',
তাঁর এই বাংলা ভাষণের সঙ্গে সঙ্গে চারদিক থেকে 'সাধু, সাধু' রব ভেসে আসে৷ তিনি উপস্থিত পড়ুয়াদের 'প্রিয় সন্তান' বলে সম্বোধন করেন৷ প্রতিরক্ষামন্ত্রী বলেন, "দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে আমি বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছি। আজ বিশ্বভারতীতে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। কাল বিশ্বভারতীর এই ক্যাম্পাসে ঢোকার সময় আমার মনের মধ্যে যে ধরনের আন্দোলন হয়েছে, আমি তা শব্দে প্রকাশ করতে পারব না।
শান্তিনিকেতনে পড়ুয়াদের কাছে দুনিয়ায় ভারতের অর্থনৈতিক অবস্থানও স্পষ্ট করেন তিনি। রাজনাথ বলেন, "সেই দিন খুব একটা দূরে নেই, ভারত বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক দেশগুলির মধ্যে অন্যতম হবে৷ আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী, আগামী ৪-৫ বছরের মধ্যে ভারত দুনিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে৷"
বাংলার ভূমিকে প্রণাম জানিয়ে রাজনাথ বলেন, "মহান দার্শনিক গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকেও আমি শ্রদ্ধা জানাচ্ছি। গুরুদেবের দার্শনিক ধারাবাহিকতা এবং দেশ ও দুনিয়া সবচেয়ে শ্রদ্ধার শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বভারতীর প্রতি হৃদয় থেকে সম্মান জানাচ্ছি।"
এদিন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার তাঁর বক্তব্যে বলেছিলেন, দেশের প্রতিরক্ষামন্ত্রীও একজন শিক্ষক ছিলেন।কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রীর সেই কথার প্রসঙ্গ টেনে এনে এদিন রাজনাথ সিং বলেন, “আমিও একজন শিক্ষক ছিলাম, পদার্থবিদ্যার শিক্ষক। তাই যখনই কোনও শিক্ষা প্রতিষ্ঠানে যাই, আমি তখন আর রাজনীতিক থাকি না, একজন শিক্ষক হিসাবেই কথা বলি। আমি একটা জিনিস বলতে চাই, জীবনে যে কোনও ক্ষেত্রে যত সাফল্যই আসুক না কেন, তারপরও কিন্তু আরও কিছুটা উন্নতির সম্ভাবনা থেকেই যায়। শ্রমের কোনও বিকল্প হয় না।”
