
পূর্ব মেদিনীপুর, ৯ ফেব্রুয়ারি : হাইকোর্টের নির্দেশ অনুসারে কাঁথি আদালতে আত্মসমর্পণ করলেন ছাত্রনেতা শুভদীপ গিরি। দীর্ঘদিন ধরে পুলিশ শুভদীপকে খুঁজে পাচ্ছিল না বলে জানিয়েছিল। বৃহস্পতিবার বেলা ১০টা নাগাদ নিজেই আদালতে এসে আত্মসমর্পণ করেন শুভদীপ গিরি। এই মামলায় পুলিশের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করেছিল কলকাতা হাইকোর্ট।
গত বছর এক ছাত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে নাম জড়ায় কাঁথির তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভদীপ গিরির। ১০ জানুয়ারি কাঁথির মহিলা থানায় টিএমসিপি নেতা শুভদীপ গিরি এবং তাঁর মা-বাবার নামে এফআইআর করে নাবালিকার পরিবার। পকসো আইন-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু হয়। কিন্তু, সেই এফআইআরের প্রেক্ষিতে পুলিশ কাউকে গ্রেফতার করেনি। উল্টে পুলিশের মদতে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।
এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। সেই মামলায় গত ২৪ জানুয়ারি বিচারপতি রাজাশেখর মান্থা, পুলিশের তদন্তকারী অফিসারকে ভর্ৎসনা করে বলেছিলেন,”অভিযুক্ত কোথায় আছেন, আপনি তা জানেন। ইচ্ছে করে ধরছেন না। আপনার গা ছাড়া মনোভাব আদালতের নজর এড়াচ্ছে না।’’
