
আসানসোল, ৬ সেপ্টেম্বর : সিবিআইয়ের দায়ের করা গরু পাচার মামলার শুনানি এ বার থেকে হবে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। বুধবার এমনই নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। ফলে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল যে মামলায় গ্রেফতার, তার যাবতীয় শুনানি এ বার দিল্লিতে হবে।
আগেই ইডির তরফে এই মামলা দিল্লিতে স্থানান্তরের আবেদন করা হয়েছিল। বুধবার সেই মামলা শোনার পর বিচারক রাজেশ চক্রবর্তী মামলা দিল্লির আদালতে স্থানান্তরের পক্ষেই রায় দিলেন।
এর আগে দু’বার সংশ্লিষ্ট মামলার শুনানি হয়েছে। কিন্তু বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং তাঁর প্রাক্তন দেহরক্ষী সহগল হোসেন সংক্রান্ত এই মামলায় প্রশ্নের মুখে পড়ে কেন্দ্রীয় সংস্থা। কেন এই মামলা আসানসোল থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে যেতে চান?
আগের দু’বার বিচারক রাজেশ চক্রবর্তীর এই প্রশ্নে ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র যে সওয়াল করেন, তাতে সন্তুষ্ট হয়নি আদালত। বিচারক জানতে চান, কোন আইনে এবং কে এই মামলা সরিয়ে নিয়ে যাওয়ার অধিকার সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থাকে দিয়েছে। বুধবার ওই মামলার শুনানিতে ২০০৫ সালের জারি করা অর্থ মন্ত্রকের একটি বিজ্ঞপ্তি হাতিয়ার করে সওয়াল করে ইডি।
