
বীরভূম, ১১ ফেব্রুয়ারি : “কেউ একজন বলত না চড়াম চড়াম, গুড় বাতাসা উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে। তিনি এখন কোথায়? হারিয়ে গেছেন।” বীরভূমে এভাবেই নাম না করে অনুব্রত মণ্ডলকে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বক্তব্যের শুরুতেই নাম না করে শুভেন্দুবাবু বলেন, “এখন লটকে আছেন। অপেক্ষা করুন। তিহারে গেলে অষ্টমীর দিন লুচি ডাল, দশমীর দিন কচি পাঁঠার ঝোল সব বেরিয়ে যাবে। শুধু তিহার পর্যন্ত যেতে দিন।”
অনুব্রতহীন বীরভূমে কিছুদিন আগেই সভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাপুটে এই নেতার অনুপস্থিতিতে বীরভূমের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। মমতার সভা করার কয়েক দিনের মধ্যেই বীরভূমে সভা করলেন শুভেন্দুবাবু। পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূমের মাটি থেকে যে তিনি অনুব্রত মণ্ডলকে তোপ দাগবেন, এমনটাই মনে করছিল রাজনৈতিক মহলের একাংশ। তবে শুধু কেষ্ট নয়, পঞ্চায়েতে ‘পালাবদল’-এর ডাক দিয়েছেন শুভেন্দুবাবু।
এদিন পুলিশের এক উচ্চপদস্থ কর্তার বিরুদ্ধেও তোপ দেগেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন শুভেন্দুবাবু বলেন, “বড় চোরগুলোকে আমরা ধরব। আগে কেষ্টর নামে সকলে কাঁপত। কিন্তু, এখনও অনেকে রয়েছে। কেরিমকে তিনবার রগড়েছে। এখন বাইরে আছে। ফোঁসফাঁস কমেছে। অন্যরা সংশোধন হলে ভালো। আগের পঞ্চায়েত ভোটে যা করা হয়েছে এই বছর তা করা হবে না। বীরভূম এই তোলাবাজদের নামে পরিচিত হবে না। তা পরিচিতি পাবে মা তারার নামে, বিশ্বভারতীর নামে।”
