West Bengal

3 years ago

Saugata Roy : এবার দলের প্রচারে গিয়ে ক্ষোভের মুখে সৌগত

Sougata Roy
Sougata Roy

 

উত্তর ২৪ পরগনা, ১৮ জানুয়ারি  : এবার উত্তর ২৪ পরগনার আমডাঙার দত্তপুকুরে দলের প্রচারে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়। স্থানীয় তৃণমূল নেতাকে নিয়ে একরাশ অভিযোগ বাসিন্দাদের একাংশের। তাঁরা সাংসদকে হাতের কাছে পেয়ে শুনিয়ে দিলেন দু’চার কথা।

বুধবার দত্তপুকুর-২ পঞ্চায়েতের জয়পুল এলাকায় ‘দিদির দূত’ হয়ে গিয়েছিলেন দমদমের সাংসদ সৌগত রায়। তাঁকে স্থানীয় পঞ্চায়েত সদস্য আসুরা বিবির স্বামী আবদুল হাই-কে নিয়ে একাধিক অভিযোগ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। সব কথা শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সৌগতবাবু।

কয়েক জন অভিযোগ করেন স্থানীয় তৃণমূল নেতা আবদুলকে নিয়ে। অভিযোগ, রাস্তাঘাট নির্মাণ, নর্দমা তৈরি, ১০০ দিনের কাজ ইত্যাদি নানা প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন আবদুল। মহম্মদ ইজ়রায়েল মণ্ডল নামে ওই এলাকার এক বাসিন্দা বলেন, ‘‘গত ১৫ বছরে কোনও কাজ করেননি আবদুল হাই। জব কার্ড, ড্রেন, পুকুরের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। পাড়ায় নর্দমা নেই অথচ ওঁর বাড়িতে সুইমিং পুল রয়েছে। প্রয়োজনে আমি দুর্নীতির সব নথি তুলে দেব।’’

স্থানীয়দের অভিযোগ উড়িয়ে দিতে পারেননি সৌগতবাবু। আবদুলের বিরুদ্ধে ওঠা সমস্ত খতিয়ে দেখা হবে বলে তিনি জানিয়েছেন। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ নিয়ে সৌগতবাবুর বক্তব্য, ‘‘এগুলি বাজে কথা। পঞ্চায়েতে কোটি টাকা আসে না।’’ আবাস যোজনায় অনেক যোগ্য লোকও ঘর পাননি বলে অভিযোগ উঠেছে। তা নিয়ে সৌগতর দাবি, ‘‘অনেক অযোগ্য লোক ঘর পেয়েছে, এটা বললে তো হবে না। একটা তালিকা করে দিক যে, এই লোকগুলি অযোগ্য। এ কথা মুখে বললে হবে না।’’


You might also like!