
কলকাতা, ৭ এপ্রিল : রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ভূমিকা নিয়ে বিতর্কের মাঝে তাঁর প্রশংসা করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
আনন্দ বোসের ভূমিকায় প্রথম থেকেই প্রতিবাদী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিরূপ মন্তব্য করেছেন তৃণমূলের কুণাল ঘোষ ও সৌগত রায়। কিন্তু একেবারেই উলটো সুর দিলীপ ঘোষের। শুক্রবার প্রাতঃভ্রমণে বেড়িয়ে তিনি বললেন, “এখন এটা চল হয়ে গিয়েছে যে রাজ্যপালের বিরোধিতা করো। এ রাজ্যে এটা খুব হয়। দু’পক্ষ ভাগ হয়ে যায়।“
দিলীপবাবুর কথায়, “আমি প্রথমেই বলেছি, রাজ্যপাল নিরপেক্ষভাবে সংবিধানের পক্ষে কাজ করবেন। নতুন এসেছেন। তার মতো দক্ষ মানুষ খুব কম এসেছেন। সময় লাগবে। উনি ডান দিকে পা রাখলে ওরা চেচাচ্ছে। বাঁদিকে পা রাখলে এরা চেচাচ্ছে। তিনি যেটা শুরু করেছেন, অন্যরা যখন বিভিন্ন ঘটনায় রাজনৈতিক ফায়দা তুলতে ব্যস্ত, তখন সফর কাটছাঁট করে উনি উপদ্রুত জায়গায় গিয়েছেন। ব্যক্তিগত ভাবে খোঁজখবর নিয়েছেন। কাল পুজো দিয়েছেন। রাস্তায় দাঁড়িয়ে পরিস্থিতি দেখেছেন। প্রশাসক এরকমই হওয়া উচিৎ। কান দিয়ে নয়। চোখ দিয়ে দেখা উচিৎ।”
গতকাল কলকাতা সফরে বেরিয়ে ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সঙ্গে ছিল রাজ্য পুলিশ। রাজ্যপালের এই সফরকে মোটেও ভালভাবে নেননি শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, কলকাতার সিপি বিনীত গোয়েলের কথায় কাজ করছেন রাজ্যপাল।
