
রাজগঞ্জ, ২১ ফেব্রুয়ারি : জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মুরগিভিটা গ্রামে বাড়ির কাছেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল ছুটিতে আসা এক সেনা জওয়ানের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার।
জানা গেছে, প্রতিদিনের মত এদিনও সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। অভিযোগ সেই সময়ই একটি বালি বোঝাই ট্রাক পিছন দিক থেকে এসে তাঁকে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর আহত হয় অঞ্জন রায় নামে ওই সেনাকর্মী। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার আগেই সব শেষ। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে মঙ্গলবার সকালে এই দুর্ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদে পথ অবরোধ করেন গ্রামবাসীরা।
গ্রামবাসীদের বক্তব্য, এই এলাকায় এমন দুর্ঘটনা নতুন নয়। রাস্তা চওড়ায় ছোট হওয়ার কারণে এই এলাকায় বার বার দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ গ্রামবাসীদের। এর আগেও দুর্ঘটনায় পথচলতি মানুষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলছেন গ্রামবাসীদের।
দুর্ঘটনার পর বেলাকোবা ও রাজগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তাঁরা। কিন্তু বিক্ষুব্ধ গ্রামবাসীদের ক্ষোভ গিয়ে পড়ে পুলিশের উপরেও। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে গিয়ে পৌঁছান ডিএসপি সমীর পাল ও রাজগঞ্জ থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে যান জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মণও। কিন্তু তাঁকেও গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয়। পরিস্থিতি এখনও বেশ উত্তপ্ত রয়েছে।
