West Bengal

3 years ago

Zakir Hossain : ফের দুর্ঘটনার কবলে বিধায়ক, অল্পের জন্য প্রাণে বাঁচলেন জাকির হোসেন

Zakir Hossain
Zakir Hossain

 

মুর্শিদাবাদ, ১৩ ফেব্রুয়ারি : প্রচার সেরে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন তৃণমূল বিধায়ক জাকির হোসেন । সাগরদিঘী বিধানসভায় উপনির্বাচনের প্রচার সেরে অরঙ্গাবাদে বাড়ির দিকে ফিরছিলেন তিনি। সেই সময় তাঁর গাড়িতে ধাক্কা মারে অপর একটি গাড়ি। তাঁর গাড়ির একাংশ ভেঙে গিয়েছে। কোনও রকমে প্রাণে বাঁচেন বিধায়ক। আহত হয়েছেন দুইজন ।

সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ৩৪ নম্বর জাতীয় সড়কের দাসপাড়া সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, এদিন প্রচার সেরে যখন ফিরছিলেন বিধায়ক, সেই সময় আচমকাই তাঁর গাড়ির সামনে একটি সাদা রঙের গাড়ি চলে আসে। অন্য লেন থেকে গাড়িটি আচমকা সামনে চলে আসায় তাঁর গাড়ির চালক ব্রেক কষতে বাধ্য হন বলে দাবি করেছেন বিধায়ক। এরপরই তাঁর কনভয়ে থাকা পরপর তিনটি গাড়ি একে অপরকে ধাক্কা মারে। তিনটি নতুন গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জাকির হোসেন। ঘটনার জেরে আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় বিধায়ক জানান, তাঁর মাথায় সামান্য আঘাত লেগেছে। তৃণমূলের ব্লক সভাপতির পায়ে লেগেছে বলেও জানিয়েছেন তিনি। এমন ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে তদন্ত হওয়া উচিত বলে উল্লেখ করেছেন বিধায়ক। এটাই প্রথমবার নয়, আগেও দুর্ঘটনার কবলে পড়েছে জাকির হোসেনের গাড়ি। বারবার এমন ঘটনা কেন? তা নিয়েও প্রশ্ন উঠেছে।


You might also like!