
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জীবনের প্রথম বড় পরীক্ষা আর দেওয়া হল না, জলপাইগুড়িতে বুনো হাতি পিষে মারল এক মাধ্যমিক পরীক্ষার্থীকে। বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জের মহারাজ ঘাট এলাকায়। পুলিশ সূত্রে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পরীক্ষা দিতে যাওয়ার সময় হামলা চালায় একটি দলছুট হাতি।
এই ঘটনা প্রচার মাধ্যমের সামনে আসতেই শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয়া বলেন- এর থেকে মর্মান্তিক কিছু হতে পারে না। একইসঙ্গে ভবিষ্যতে দুর্ঘটনা থেকে বাঁচতে জঙ্গলের রাস্তায় পড়া পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সাথে তিনি আরো সংযোজন করেন-"কিছু ঘটনা আমাদের হাতে থাকে না। হাতিরা একত্রে থাকলে বন দফতর তাও ওদের নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু এই যখন হাতি একা হয়ে যায় তখন ওদের মাথা খারাপ হয়ে যায়। এদিক ওদিক ঘুরে বেড়ায় আর এসব করে। কারও তো ভাবনাতেও আসেনি এমন কিছু হতে পারে। আমি একটা কথা বলতে পারি এই জঙ্গলের রাস্তা দিয়ে যেসব পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে যেতে হয় তাদের জন্য বাসের ব্যবস্থা করুন। যাতে ওদের পায়ে হেঁটে যেতে না হয়।"
(আরো জানতে পেজটি রিফ্রেস করুন)
