
মেচেদা, ১৮ জানুয়ারি : ভয়াবহ আগুনে ভস্মীভুত হয়ে গেল পূর্ব মেদিনীপুর জেলার মেচেদায় রেললাইনের পাশের বস্তির একাংশ। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মৃত্যু হয়েছে বাবা গোকুল কর ও মেয়ে মলিনার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ। সেই সঙ্গে দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও বস্তির সিংহভাগই আগুনে ভস্মীভুত হয়ে যায়। কোলাঘাট থানার পুলিশ জানিয়েছে, বুধবার ভোরে রান্না করার সময় বস্তির কোনও একটি ঘরে আগুন ধরে যায়। সেই আগুন দ্রুত আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে।
আগুনের লেলিহান শিখায় প্রায় ১৫টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভুত হয়ে গিয়েছে। সেই সময় বাসিন্দারা বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে পারলেও অসুস্থ গোকুল ও তাঁর মেয়ে বেরোতে পারেননি। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। কোলাঘাট থানার ওসি ইমরান মোল্লা বলেন, ‘‘মেচেদা রেল ব্রিজের কাছে বস্তির প্রায় ১৫টি বাড়ি আগুনে পুড়ে গিয়েছে। দু’জনের মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে হাত লাগাই। দু’জনের মৃতদেহ উদ্ধার করেছি।’’
