
কলকাতা, ১৩ জানুয়ারি : আগামী সোমবার জেলা শাসকের উপস্থিতিতে নতুন চেয়ারম্যান নির্বাচন করতে হবে। সেই সঙ্গে রাজ্য সরকারের প্রশাসক বসানোর বিজ্ঞপ্তি খারিজ করে দেওয়া হয়েছে। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ একথা জানিয়ে দিল।
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী জেলা পুরুলিয়ার আর এক প্রান্তিক পুরসভা এলাকা ঝালদার নাম গত বছরের প্রথম দিক থেকেই বার বার উঠে এসেছ রাজ্য রাজনীতিতে। প্রথমে এখানকার চারবারের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনা হন। তারপর সেই ঘটনা ঘিরে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। শুধু তাই নয়, একই সঙ্গে এই পুরসভা কার দখলে থাকবে তা নিয়ে বার বার নানা ঘটনার ঘনঘটা ঘটতে দেখা গিয়েছে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে।
গত বছর ডিসেম্বর মাসের প্রথম দিকে রাজ্য সরকার তৃণমূলেরই এক কাউন্সিলরকে সেখানকার প্রশাসক হিসাবে বসিয়ে দেয়। পরে তা খারিজ করে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় কংগ্রেস। সেই বেঞ্চ নির্দেশ দিয়েছিল জেলা শাসকই সেখানে প্রশাসক হিসাবে কাজ করবে। কিন্তু শুক্রবার ফের হাই কোর্টের নির্দেশে দেখা দিল টানটান উত্তেজনা।
