
বাসন্তী, ৭ ফেব্রুয়ারি : দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বোমা বিস্ফোরণের স্থল ঘুরে দেখতে এলেন ফরেনসিক দলের প্রতিনিধিরা। তিন সদস্যের ফরেনসিক দল মঙ্গলবার দুপুরে এসে পৌঁছন বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ভারতির মোড় খাঁ পাড়া এলাকায়।
সেখানে ঘুরে দেখার পাশাপাশি সেখান থেকে নানা ধরনের নমুনা সংগ্রহ করছেন ফরেনসিক দলের সদস্যরা। এখানে গত শনিবার দুপুর পৌনে একটা নাগাদ মনিরুল খাঁর বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ঘটনায় চারজন গুরুতর জখম হয়েছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান ছিল বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটেছিল। তবে সঠিক কি কারণে বিস্ফোরণ ঘটেছে, এই বিস্ফোরণে কি ধরনের বিস্ফোরক ব্যবহার হয়েছে সে সমস্ত বিষয়েই কার্যত তদন্ত করতে ফরেন্সিক দলের কর্মীরা এসে পৌঁছেছেন বাসন্তীতে। এলাকায় এখনো যথেষ্ট থমথমে পরিবেশ পুলিশ মোতায়েন রয়েছে গোটা এলাকায়।
