
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হাওড়া কার্নিভ্যালে অশান্তির জেরে রীতিমত উত্তপ্ত হয়ে উঠেছিল রাজনৈতিক মহল। ঘটনায় হাওড়া পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সুজয় চক্রবর্তীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে দেখা গিয়েছিল রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিকে। পার্কিং নিয়ে বিষয়টির সূত্রপাত ঘটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছিলেন কোনও ভাবেই এই ঘটনা বরদাস্ত করা হবে না। আর এবার এই অশান্তির জেরে গ্রেফতার করা হয়েছে দু'জনকে।
জানা গিয়েছে, গ্রেফতার করা হয়েছে রাজ জালান এবং আকাশ দত্ত নামক দু'জনকে। এমনকি অন্যান্য বাড়িতেও চালানো হচ্ছে তল্লাশি। গ্রেফতার করা হয়েছে রাজ জালান এবং আকাশ দত্ত নামক দু'জনকে।
বৃহস্পতিবার ‘মনোজvsসুজয়’ পর্বের পর তাঁদের নিয়ে বৈঠকে বসেছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এরপরেই হাওড়া রাজনীতির এই দুই উল্লেখযোগ্য মুখ জানান, ‘ঘিঞ্জি জায়গায় পা লেগে ভুলবোঝাবুঝি হয়েছিল। তা মিটে গেছে।’ এদিন বিকেলেই হাওড়া ক্রিসমাস কার্নিভ্যালের দরজা সকলের জন্য খুলে দেওয়া হয়।
শুধু তাই নয়, এতদিন এই কার্নিভ্যালে প্রবেশ করার জন্য পাঁচ টাকা করে এন্ট্রি ফি দিয়ে হচ্ছিল সাধারণ মানুষকে। ২৮ ডিসেম্বরের পর তা বন্ধ করে দেওয়া হয়েছে। মন্ত্রী অরূপ বিশ্বাস এদিনের মঞ্চ থেকে বলেন, ‘এবার থেকে আর কার্নিভ্যালে প্রবেশ করার জন্য কোনও অর্থ দিতে হবে না।’
এদিকে কার্নিভ্যাল খুলে দেওয়ার প্রথম দিনেই ভিড় ছিল নজরকাড়া। এই সমস্ত বিবাদ-অশান্তি-গন্ডোগোল ভুলে ফের আনন্দে ভাসতে দেখা যায় সাধারণ মানুষকে। বৃহস্পতিবার রাতে কাতারে কাতারে মানুষ ভিড় করেন এই কার্নিভ্যালে। এই উৎসব ফের চালু হওয়ায় খুশি এলাকাবাসী।
