
পূর্ব মেদিনীপুর, ১২ জানুয়ারি : পূর্ব মেদিনীপুর, গোবিন্দনগরে অসন্তোষের পর বৃহস্পতিবার ঘোষপুরে ক্ষোভ। বুধবারের পর বৃহস্পতিবার, দিদির দূত হিসেবে পূর্ব মেদিনীপুরে জনসংযোগে গিয়ে ফের ক্ষোভের মুখে পড়লেন কুণাল ঘোষ।
বুধবার পাঁশকুড়া পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক প্রয়াত ওমর আলির বাড়িতে গেলে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের কাছে নালিশ জানান ওমরের ছেলে। আর বৃহস্পতিবার দিদির সুরক্ষাকবচ কর্মসূচি শেষ করার মুহূর্তে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি মুজিবর রহমানের ক্ষোভের মুখে পড়লেন কুণাল ঘোষ।
স্থানীয় তৃণমূল নেতার সঙ্গে একচোট কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে দেখা যায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে। পাঁশকুড়ার ঘোষপুর এলাকার তৃণমূল নেতার অভিযোগ, এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকলেও কোনও উন্নয়ন হয়নি। এর পর এলাকায় বেশ কয়েকটি কর্মসূচি থাকলেও তা অসমাপ্ত রেখেই বেরিয়ে যান কুণাল ঘোষ। তবে রাজনৈতিক তরজা নয়, পঞ্চায়েত ভোটের আগে দ্রুত এলাকার রাস্তা পাকা হোক, এমনটাই চাইছেন পাঁশকুড়ার ঘোষপুরের বাসিন্দারা। জনসংযোগে গিয়ে ক্ষোভের মুখে পড়েছিলেন মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান। সরকারি প্রকল্পের সুবিধা মিলছে না বলে অভিযোগ জানিয়ে তাঁর সামনে ক্ষোভ উগরে দেয় একটি পরিবার। এনিয়ে সুর চড়িয়েছে বিরোধীরাও। আর তৃণমূল সাংসদের বক্তব্য, সকলে যাতে প্রকল্পের সুবিধা পায়, তা নিশ্চিত করার চেষ্টা হচ্ছে।
