
বসিরহাট, ১৪ ডিসেম্বর : উত্তর ২৪ পরগনার বসিরহাটে ইটভাটায় চিমনি ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি ২৫ জন। তাঁদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে, তাঁদের কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সন্ধ্যায় বসিরহাট থানার অন্তর্গত ইটিন্ডা ঘাট এলাকায় কিসনা ইটভাটা ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে খবর, ইটভাটায় চিমনিতে হঠাৎ আগুন লেগে সেটি ভেঙে পড়ে। চিমনি চাপা পড়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহতদের এলাকার বাসিন্দারাই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। সেখানে হাফিজুল মণ্ডল (৩৫) নামে এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পরে আরও একজন প্রাণ হারান। মৃতদের মধ্যে দু'জন উত্তর প্রদেশের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন বন্ধ থাকার পর, গতকাল ইটভাটার চিমনিতে আগুন দিতেই বিস্ফোরণ হয়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেড়শো ফুট উঁচু চিমনি। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান শ্রমিকরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেশ কয়েকদিন বন্ধ ছিল চিমনি। রক্ষণাবেক্ষণের অভাবে গোটা চিমনিটাই গ্যাস সিলিন্ডারে পরিণত হয়েছিল।
