
কুলতলি, ৬ জানুয়ারি : দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হল ছয় বছরের শিশুর মৃতদেহ। ঘটনাটি ঘটেছে কুলতলি থানার অন্তর্গত বাবুরচক এলাকায়। পুলিস সূত্রে খবর, শিশুটির নাম মৃত রাজেশ মন্ডল (৬)। বৃহস্পতিবার দুপুর থেকে আচমকাই নিখোঁজ হয়ে যায় সে। এরপর শিশুটির আত্মীয়-পরিজনরা এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোনও খোঁজ না মেলায় আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। শেষে কুলতলি থানার দ্বারস্থ হয় শিশুটির পরিবার।
পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করে। শিশুটির বাড়ির কাছেও খোঁজ খবর শুরু করেন তদন্তকারীরা। এরপর শুক্রবার সকালে পাশের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় রাজেশ নামের ওই শিশুটির দেহ। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে, এটি দুর্ঘটনা না এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
