
জয়নগর, ১৮ জুলাই: কালের বিবর্তনে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী বেশ কিছু খেলা বা প্রতিযোগিতা। তার মধ্যে অন্যতম মইছাড়া বা গরুর দৌড় প্রতিযোগিতা। ভালো চাষের আশায় প্রতিবছর বর্ষার প্রথম জল মাঠে জমলে এই প্রতিযোগিতার আয়োজন করা হত গ্রাম বাংলায়। মূল উদ্দেশ্যে ছিল চাষের কাজে নামার আগে গরুগুলির স্বাস্থ্য ঠিক কেমন আছে সেটা বুঝে নেওয়া। দিনে দিনে এই গরুর দৌড় প্রতিযোগিতা গ্রাম বাংলায় যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠল। এখনও ভালো চাষের আশায় প্রতিবছর দক্ষিন ২৪ পরগনার জয়নগর, কুলতলি, ক্যানিং সহ আশপাশের এলাকায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর এতে অংশগ্রহণ করতে গ্রামের জেলার বিভিন্ন প্রান্ত থেকে চাষিরা নিজেদের গরু নিয়ে হাজির হয়।
দুদিন ব্যাপী দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বকুলতলা থানা এলাকার হানারবাঢী ও বাগমারি গ্রামে এই মইছাড়া প্রতিযোগিতার আয়োজন করল হানারবাঢী সোনালী সংঘ ও বাগমারি গ্রামবাসীবৃন্দরা। এই প্রতিযোগিতায় জয়নগর-সহ আশেপাশের এলাকা থেকে শতাধিক গরু নিয়ে উপস্থিত হয়েছেন চাষিরা। সোমবার থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। মঙ্গলবারের মধ্যে প্রতিযোগিতা শেষ না হলে চলবে পরের দিনও এমনটাই জানালেন উদ্যোক্তারা। এই গরুর দৌড় দেখতে এলাকার বহু মানুষ হাজির হয়েছেন সেখানে। দূর দুরান্ত থেকে মানুষ একত্রিত হওয়ায় সেখানে মেলার আকার ধারন করেছে।
