West Bengal

3 years ago

CBI at Bhangar: মাঠে পুড়ছে ডাঁই করা নথি! খবর পেয়েই ভাঙড়ে ছুটল সিবিআই

CBI reaches Bhangar as Documents allegedly set on fire
CBI reaches Bhangar as Documents allegedly set on fire

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দূরে মাঠে কী পুড়ছে ওটা? মঙ্গলবার সকালে ভাঙড়ের আন্দুল গড়িয়া এলাকায় পাঁচিল দিয়ে ঘেরা একটি মাঠের মধ্যে  নথির স্তুপ পুড়তে দেখা  যায়। অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা মাঠে নথিপত্র ডাঁই করে রেখেছিলেন। সেখানে আগুনও ধরিয়ে দেওয়া হয়। দেখা যায়, বিশাল এলাকা জুড়ে নথিপত্রে আগুন জ্বলছে। সেগুলি কিসের নথি, কেনই বা তাতে আগুন ধরিয়ে দেওয়া হল, জানা যায়নি।

যে নথিপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেগুলি সরকারি নথি বলেই মনে করা হচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় সিবিআইয়ের একাধিক গাড়ি। কেন্দ্রীয় বাহিনীর গোয়েন্দারাও সেখানে যান। আগুন নিভিয়ে অর্ধেক পুড়ে যাওয়া নথি উদ্ধারের চেষ্টা করেন তাঁরা। সুত্রের খবর বেশ কিছু নথি উদ্ধার ও করা গিয়েছে। 

ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা এ প্রসঙ্গে বলেন, ‘‘সিবিআই এসে খুব ভাল করেছে। আমরা চাই তদন্তের মাধ্যমে সত্য উদ্‌ঘাটিত হোক। গোয়েন্দারা এসে বিষয়টি দেখছেন, এটা খুব আনন্দের। ওঁরা যে এসে নিজেরাই আগুন নিভিয়ে নথি সংগ্রহ করে তা খতিয়ে দেখছেন, এতে আমাদের কোনও অসুবিধা নেই। আমাদের দিক থেকে যদি কোনও সহযোগিতা ওঁরা চান, আমরা নিশ্চিত ভাবেই সহযোগিতা করব। কে বা কারা কোথা থেকে এই কাগজ নিয়ে এসেছেন, তদন্ত করলেই তা পরিষ্কার হবে।’’ 

ভাঙড়ে যে নথি সোমবার রাতে পুড়িয়ে দেওয়া হল, তার সঙ্গে নিয়োগ দুর্নীতির সম্পর্ক থাকলেও থাকতে পারে, মনে করছে সিবিআই। সেই কারণেই তারা তড়িঘড়ি এলাকায় ছুটে গিয়ে নথি উদ্ধারের চেষ্টা করছেন।

You might also like!