
নবদ্বীপ, ৪ ফেব্রুয়ারি : ভিন্রাজ্যে কাজের জন্য গেলে মতুয়াদের প্রশ্নের মুখে পড়তে হয়। অথচ এ রাজ্যের অন্য বাসিন্দাদের তা হয় না। সে কারণেই অবিলম্বে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) চালু হবে। নবদ্বীপের মতুয়ামেলায় গিয়ে এ কথা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলেন তিনি। শুভেন্দু জানান, মুখ্যমন্ত্রী সিএএ চালু করতে দিচ্ছেন না। মমতার বিরুদ্ধে ‘ঠাকুরের নাম বিকৃত’ করার অভিযোগ জানিয়েও তোপ দেগেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু।
শনিবার নবদ্বীপে ভাষণের শুরুতেই শুভেন্দু জানান, মূলত সিএএ নিয়েই তিনি কথা বলবেন। তাঁর কথায়, ‘‘প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ২০১৯ সালে ঠাকুরনগরে এসে যে কথা দিয়েছিলেন, তা মেনে লোকসভা ও রাজ্যসভায় সিএএ গৃহীত হয়েছে। আমরা সকলে প্রত্যাশায় রয়েছি, অপেক্ষায় রয়েছি, আইন তৈরির পর তা কার্যকরের প্রক্রিয়া কবে শুরু হবে! আমরা আশাবাদী, আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। তাই নবদ্বীপের এই সম্মেলন থেকে আওয়াজ তুলব, অবিলম্বে পশ্চিমবঙ্গে সিএএ চালু করা হোক।’’
