
কলকাতা, ৬ জানুয়ারি : পঞ্চায়েত ভোটের আগে আবাস যোজনা দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে বিক্ষোভে নামছে বিজেপি। আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ থাকলে বিজেপি নেতৃত্বকে জানাতে বলা হচ্ছে। সেই বিষয়ে হেল্পলাইন নম্বর চালু করতে চলেছে তারা। বিজেপির সাংগঠনিক বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার সকালে নিউটাউনের ইকো পার্কে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, বিজেপি সাংগঠনিক ভাবে নির্বাচন এবং মিটিং করে। গতকাল দলের কোর কমিটি মিটিং ছিল। আগামী দিনের পরিকল্পনা করা হয়েছে। তাতে আবাস দুর্নীতি নিয়ে বিডিও অফিস ঘেরাও সহ অন্যান্য কর্মসূচি নিয়ে কথা হয়েছে। ঠিক হয়েছে, প্রতিটি পঞ্চায়েতে কর্মী সম্মেলন হবে আবাস দুর্নীতি নিয়ে।
দিলীপ ঘোষ এদিন আরও বলেন, গতকাল রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, শুভেন্দু অধিকারী দায়ী থাকলেও ব্যবস্থা নেওয়া হবে। অন্যায় অন্যায়ই। বহু লোক নিজের নাম কাটা গিয়েছে বলে আমাদের কাছে ফর্ম চেয়েছিলেন। আমরা হেল্পলাইন নম্বর দিচ্ছি। আরও যদি কেউ এরকম থাকেন, তিনিও আমাদের জানাতে পারেন।
