
আসানসোল : আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যুর ঘটনায় এবার জেরা করা হল আসানসোল পুরনিগমের ১০২ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ইন্দ্রানী আচার্যকে । রবিবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।
আসানসোল পুরনিগমের ১০২ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ইন্দ্রানী আচার্যকে শনিবার নোটিস পাঠানো হয়েছিল। নোটিসে তাঁকে রবিবার আসানসোল উত্তর থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেয় পুলিশ। মূলত আসানসোলে বিজেপির কম্বল বিতরণের অনুষ্ঠানে তিন জনের মৃত্যুর ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এই তলব বলে জানানো হয়েছিল। সেই তলবের প্রেক্ষিতে এদিন আসানসোল থানায় হাজিরা দেন তিনি। সূত্রের খবর, এদিন বিজেপি কাউন্সিলরকে বেশকিছুক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
প্রসঙ্গত, গত বছর ১৪ ডিসেম্বর আসানসোলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনায় ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালি তেওয়ারিকে। গ্রেফতারও করা হয়েছে বেশ কয়েকজন অভিযুক্তকে।
