
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবার ‘বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব’ পাশ হয়েছে বিধানসভায়। তার প্রতিবাদে এবং গোর্খ্যাল্যান্ডের দাবিতে আগামী ২৩ ফেব্রুয়ারি পাহাড়ে ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে জিটিএ বিরোধীরা, এর পাশাপাশি চলছে অনশনও। এ প্রসঙ্গে উল্লেখ্য, মঙ্গলবারই উত্তরবঙ্গ সফরে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই বন্ধের কর্মসূচি ঘোষণা করল জিটিএ বিরোধীরা।
উল্লেখ্য, জিটিএ বিরোধী গোষ্ঠীর মধ্যে রয়েছেন বিনয় তামাং, হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ড-সহ জিটিএ-র ৭ সদস্য।দার্জিলিঙের ভানু ভবনের সামনে শুরু হয়েছে তাঁদের অনশন। এর পাশাপাশি, আগামী ২৩ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার পাহাড়ে ১২ ঘণ্টার বন্ধের ডাকও দেওয়া হয়েছে। পাহাড়ের সমস্ত দোকানপাট বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছে জিটিএ বিরোধীদের তরফে। দার্জিলিং, কালিম্পং-সহ জিটিএ এলাকায় ওই কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছে।
জিটিএ বিরোধীদের এই কর্মসূচি ঘিরে ব্যাপক চিন্তায় রয়েছেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষ-জন।
