
জলপাইগুড়ি, ৫ নভেম্বর : হৃদরোগে আক্রান্ত হলেন অ্যাম্বুল্যান্স দাদা করিমুল হক । শনিবার তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। আপাতত তিনি বিপন্মুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। রবিবার তাঁর আরও কিছু পরীক্ষা হবে।
‘অ্যাম্বুল্যান্স দাদা’ করিমুল হক কেউ বিপদে পড়লে ঝাঁপিয়ে পড়েন। এই সেবার জন্য তিনি পেয়েছেন পদ্মশ্রী সম্মানও। সেই অ্যাম্বুল্যান্স দাদাই ক্রান্তিতে মেলার জন্য একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন।। তার জন্য গত কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করেন তিনি। রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়িতে নিজের বাড়ি থেকে ওই মেলায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি। এরপর আচমকা অসুস্থ হয়ে পড়েন। দরদর করে ঘামতে থাকেন। তাঁর সঙ্গে থাকা চিকিৎসকরা পরীক্ষা করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। রবিবার হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত বিপন্মুক্ত তিনি।
