
বহরমপুর, ৮ ফেব্রুয়ারি : ফের মুর্শিদাবাদে অভিযান আয়কর দফতরের, এবার মুর্শিদাবাদের অরঙ্গাবাদে পতাকা বিড়ি ফ্যাক্টরিতে আয়কর হানা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার সকালে সুতির অরঙ্গাবাদে অবস্থিত পতাকা বিড়ি ফ্যাক্টারিতে হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা। বেশ কয়েকটি গাড়িতে পতাকা বিড়ি অফিসে আসেন তাঁরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রথমেই অফিস ঘিরে ফেলা হয়। তারপরেই শুরু হয় আয়কর দফতরের তল্লাশি অভিযান।
সূত্রের খবর, বুধবার সকাল ৮টা নাগাদ পতাকা বিড়ির অফিসে আয়কর বিভাগের আধিকারিকরা হানা দেন। সকালেই অরঙ্গাবাদে পতাকা বিড়ির মূল অফিসের সামনে অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন প্রায় দেড় হাজার শ্রমিক। বিড়ি শ্রমিকদের দাবি, প্রায় ২ কোটি কাঁচা বিড়ি আটকে রয়েছে কারখানায়। আয়কর বিভাগ অনুমতি না দিলে কয়েক ঘণ্টার মধ্যেই নাকি সেগুলি ‘নষ্ট’ হয়ে যাবে। উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই সুতিতে বিধায়ক জাকির হোসেনের বাড়ি ও গোডাউনে হানা দিয়েছিল আয়কর দফতর। পাশাপাশি সামসেরগঞ্জের আনন্দ বিড়ি ও বিজলি বিড়ি ফ্যাক্টরিতেও তল্লাশি চালানো হয়। এবার অরঙ্গাবাদের পতাকা বিড়ি ফ্যাক্টরিতে হানা দিল আয়কর দফতর। সকাল সকাল পতাকা বিড়ি ফ্যাক্টারিতে আয়কর দফতরের হানা ঘিরে কার্যত ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
