
শিলিগুড়ি, ৬ ফেব্রুয়ারি : ময়নাগুড়ি থেকে শিলিগুড়িতে রোগী নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্স দুর্ঘটনায় মৃত্যু হল ৫ জনের। হাসপাতাল যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়, ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় অ্যাম্বুল্যান্সটি। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন জটিয়াখালি এলাকায়। দুর্ঘটনার জেরে রোগী-সহ অ্যাম্বুল্যান্সের ৫ আরোহীর মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এঁদের মধ্যে ঘটনাস্থলে মৃত্যু হয় ৩ জনের। বাকি ২ জন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান বলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃতদের মধ্যে ৩ জনের নাম হল-অ্যাম্বুল্যান্স চালক প্রশান্ত রায় (৫০), যাত্রী বাপন ঘোষ (৩৫) এবং রিতা সাহা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ময়নাগুড়ি থেকে অ্যাম্বুল্যান্সটি রোগীকে নিয়ে রওনা দিয়েছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজের উদ্দেশে। জলপাইগুড়ি রোডের আমাইদিঘি এলাকায় অ্যাম্বুল্যান্সটি ইটবোঝাই একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অ্যাম্বুল্যান্সে ৫ জন ছিলেন৷ তাঁদের মধ্যে ৩ জনের মৃত্যু হয় ঘটনাস্থলে। গুরুতর জখম অবস্থায় অ্যাম্বুল্যান্সের বাকি ২ আরোহী মারা যান উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ঘন কুয়াশার কারণেই ঘটেছে এই দুর্ঘটনা। মৃতরা প্রত্যেকেই ময়নাগুড়ির বাসিন্দা।
