
কলকাতা, ২১ জুন: বিশেষ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে রাজ্যজুড়ে পালিত হল আন্তর্জাতিক যোগ উৎসব। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কম্যান্ড এলাকার বিভিন্ন সেনা ছাউনিতে জওয়ান ও তাদের পরিবারের সদস্যরা যোগাভ্যাস করেন। তুলে ধরেন যোগের মাহাত্ম্য।
পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর কলকাতার ফোর্ট উইলিয়ামে যোগ দিবসের কর্মসূচিতে অংশ নেন পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা এবং তাঁর স্ত্রী তথা আর্মি ওয়াইফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আঞ্চলিক প্রধান নিশা কলিতা। ১২০০ সেনা জওয়ান ও তাদের পরিবারের সদস্যরা ওই অনুষ্ঠানে যোগ প্রদর্শন করেন।
এদিকে, আন্তর্জাতিক যোগ দিবসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দীঘায় সমুদ্র সৈকতে প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে যোগাভ্যাসে অংশ নেন। সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন, চুঁচুড়া কার্যালয়ের পক্ষ থেকে হুগলীর মগরায় আজ সকালে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে একটি যোগ শিবির এর আয়োজন করা হয়।
