
কলকাতা, ১৭ জুন : গরমের দহনজ্বালায় জনজীবন অতিষ্ঠ গোটা দক্ষিণবঙ্গে, ভ্যাপসা গরমে কাহিল হয়ে পড়েছে তিলোত্তমা। বৃষ্টির অপেক্ষায় দিন গুনলেও, বর্ষার দেখা নেই। বরং আগামী কিছু দিন পশ্চিমের জেলাগুলিতে রয়েছে দাবদাহের সতর্কতা, কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও, গরম থেকে নিস্তার নেই। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিন সকাল থেকে অবশ্য দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে ছিঁটেফোঁটা বৃষ্টি হয়েছে, সঙ্গে হাওয়া বইতে থাকে।
গরমে হাঁসফাঁস করছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ, সকাল থেকেই রোদের দাপট। অস্বস্তিকর গরমে কাহিল সকলে। এই দহনজ্বালা থেকে মুক্তির জন্য বর্ষার অপেক্ষায় হাপিত্যেশ করে বসে দক্ষিণবঙ্গবাসী। এমতাবস্থায় আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পর্যন্ত আবহাওয়ার তেমন বদল ঘটবে না। তবে তার পর থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে দক্ষিণের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
আবহবিদরা জানিয়েছেন, রবিবার পর্যন্ত দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে। তবে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদের দু’একটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমের দু’একটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমের দু’একটি এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।
