
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্ষায় মেট্রো চলাচলে মসৃণতা বজায় রাখতে সিগন্যাল ব্যবস্থা এবং পয়েন্টের সুরক্ষার উপরে বিশেষ জোর দিচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ। বজ্রপাত ও বৃষ্টির কারণে নানা সময়েই সিগন্যাল ব্যবস্থার ক্ষতির আশঙ্কা থাকে। ঘন ঘন বিদ্যুৎ চমকালে বা আকাশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হলে সিগন্যাল ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন বৈদ্যুতিক উপকরণও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
মেট্রোর লাইনের সঙ্গে বসানো ট্র্যাক সার্কিট এবং অ্যাক্সেল কাউন্টার ট্রেন চলাচলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। লাইনে ট্রেনের উপস্থিতি ছাড়াও একাধিক তথ্য সেখান থেকে মেলে। ফলে, ট্রেন চলাচল স্বাভাবিক রাখার ক্ষেত্রে ওই সব যন্ত্রের কার্যকারিতা বিশেষগুরুত্বপূর্ণ। মেট্রোর ক্ষেত্রে ট্রেন চলাচলের ব্যবস্থা যথেষ্ট সুরক্ষিত। তবে, তার পরেও আবহাওয়ার হেরফেরের সময়ে ওই সব যন্ত্র এবং ট্র্যাক সার্কিট বার বার পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।
