kolkata

2 years ago

Abhishek Banerjee: সিঙ্গল বেঞ্চ তদন্তে অখুশি অভিষেক, প্রশ্ন তুলে গেলেন ডিভিশন বেঞ্চে

Kolkata High Court (File Picture)
Kolkata High Court (File Picture)

 

কলকাতা, ৩ অক্টোবর: ইডির হাজিরা এড়াতে কৌশলী পদক্ষেপ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অমৃতা সিংহের নির্দেশের ব্যাখ্যা চেয়ে তিনি হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। পাশাপাশি, মঙ্গলবার ইডির হাজিরা এড়ানোর আবেদনও ডিভিশন বেঞ্চে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মঙ্গলবার কলকাতায় নেই। তিনি দিল্লিতে দলের কর্মসূচিতে ব্যস্ত। কলকাতায় ইডির দফতরে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। হাজিরা না দেওয়ার কথা অভিষেক আগেই জানিয়ে দিয়েছিলেন। অন্য দিকে, কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ ইডিকে নির্দেশ দিয়েছিলেন, কোনও ভাবেই যাতে ৩ অক্টোবরের তদন্তপ্রক্রিয়া ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে। তার জন্য যে কোনও পদক্ষেপ করতে পারবে কেন্দ্রীয় সংস্থা।

এই পরিস্থিতিতে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে মঙ্গলবার দুপুরেই।

আবেদনে অভিষেকের যুক্তি, তাঁকে মামলায় যুক্ত না করেই সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়ে দিয়েছে। তাঁর বক্তব্য শোনা হয়নি। অথচ, বিচারপতির নির্দেশ অভিষেকের অধিকার এবং স্বার্থকে সরাসরি প্রভাবিত করছে। আবেদনে তাঁর আরও বক্তব্য, তদন্তকারী সংস্থার তদন্তপ্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছেন বিচারপতি। তিনি নির্দিষ্ট ভাবে অভিষেক এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ইডিকে পদক্ষেপ করতে বলেছেন।

শুধু তা-ই নয়, পদক্ষেপ না করলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপের হুমকিও দিয়েছেন। এ ভাবে বিচারপতি সিংহ ভয়ের বাতাবরণ তৈরি করছেন বলে দাবি।


You might also like!