
কলকাতা, ৮ জুন : “পঞ্চায়েত ভোট হয় রাজ্য নির্বাচন কমিশনের নজরদারিতে। সুরক্ষার দায়িত্ব থাকে রাজ্য পুলিশের। এবারও রাজ্য পুলিশই নিরাপত্তা দেবে।”
ভোটের দিনক্ষণ ঘোষণার পর তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বৃহস্পতিবার এই মন্তব্য করেন। তিনি সংবাদমাধ্যমে বলেন, ”আমরা সকলে পঞ্চায়েত ভোট করাতে প্রস্তুত। বিরোধীরা অনেকে দাবি তুলছেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। নিয়ম অনুযায়ী, লোকসভা বা বিধানসভা ভোট যেহেতু জাতীয় নির্বাচন কমিশনের অধীনে হয়, তাই কেন্দ্রীয় বাহিনী পাঠানো নিয়ে তারা সিদ্ধান্ত নিয়ে থাকে।”
বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন দফতরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার সময় সাংবাদিকরা নিরাপত্তা নিয়ে রাজীব সিনহাকে প্রশ্ন করেন। তাতে তিনি জানান, এ বিষয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। সমস্ত দলের মতামত শোনা হবে।
রাজীববাবু বলেন, “রাজ্য সরকার ও কমিশন শান্তিপূর্ণ ভোট করানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত বলেই ভোটের দিন ঘোষণা করা হল। পাশাপাশি তিনি রাজ্য পুলিশের উপর আস্থা রেখেই ভালভাবে ভোট হবে বলে আশাপ্রকাশ করেছেন।”
