
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পানীয় জল সংরক্ষন ও তার অপচয় রুখতে এবার নতুন আইন আনার কথা ভাবছে রাজ্য সরকার। বুধবার এ কথা জানিয়েছেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। তাঁর কথায়, পানীয় জলকে চাষের জমি-সহ বিভিন্ন ক্ষেত্রে যেভাবে ব্যবহার করা হচ্ছে, তা বন্ধ করতেই এই বিল আনার ভাবনা। পাশাপাশি রাজ্যে বিদ্যুতের ব্যবহারে আরও স্বচ্ছতা আনতে ৩৭ লক্ষেরও বেশি ডিজিটাল স্মার্ট মিটার বসানো হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।
এ প্রসঙ্গে এদিন বিধানসভায় জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় বলেন, ‘‘জল জীবন মিশনের অধীনে এখনও পর্যন্ত ৬২ লক্ষ ৮২ হাজার ২৮১টি পরিবারে জলের সংযোগ দেওয়া হয়েছে। ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে রাজ্যের গ্রামীণ এলাকার প্রতিটি বাড়িতে পরিস্রুত জল পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”
ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন অভিযোগ করেন, তাঁর এলাকায় বেআইনি সংযোগের সাহায্যে পানীয় জল নিয়ে নিচ্ছে কিছু লোক। পাশাপাশি জলের পাইপলাইন ন্যাশনাল হাইওয়ের ওপার পর্যন্ত এসে থেমে যাওয়ায় বেশ কিছু গ্রামের বহু মানুষ পরিস্রুত পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন।এ প্রসঙ্গে পুলক বাবু জানান বেআইনি ভাবে পানীয় জলের সংযোগ নেওয়ার বিরুদ্ধে স্থানীয় জনপ্রতিনিধিদেরই সচেতন হতে হবে এবং এলাকার মানুষকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই অশুভ প্রবণতা রুখতে আগামীদিনে একটি বিল আনার চিন্তাভাবনা সরকারের রয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, এদিন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং অভিযোগ করেন, আসানসোল পুর এলাকায় পানীয় জলের সংযোগ দেওয়ার জন্য পাঁচ থেকে দশ হাজার টাকা দাবি করচ্ছে একশ্রেণির কর্মী-আধিকারিক। জবাবে মন্ত্রী বলেন, জলের সংযোগের জন্য কোনও টাকা নেওয়া হয় না। এরকম অভিযোগ পেলে পুলিশে এফআইআর দায়ের করুন। অভিযোগ পেলেই পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করবে।
