
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতীয় রেল পৃথিবীর এক বিস্ময়। রেল পরিষেবা এখন প্রায় অধিকাংশ দেশেই আছে। রেল পরিষেবার মধ্যে ভারতীয় রেল হল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। ভারতের এই রেল নেটওয়ার্ককে বেশ কিছু আশ্চর্যজনক জিনিস রয়েছে যা অনেকেই জানেন না। গত বুধবার প্রকাশিত হলো ভারতীয় রেলের এক নতুন তথ্য। আনুষ্ঠানিকভাবে তা ঘোষিত হলো বৃহস্পতিবার।
আমরা জানি ভারতের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন রয়েছে পশ্চিমবঙ্গে আর তার নাম হলো ঘুম। ঘুম রেলস্টেশন সমুদ্রপৃষ্ঠ থেকে ২২৫৮ মিটার উচ্চতায় অবস্থিত। দার্জিলিংয়ের এই ঘুম রেলস্টেশনে বছরের বিভিন্ন সময় পর্যটকদের আগমন হয়ে থাকে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো দেশের সবচেয়ে উঁচু রেলস্টেশন যেমন রয়েছে পশ্চিমবঙ্গে ঠিক সেই রকমই দেশের সবচেয়ে গভীরতম রেলস্টেশনও রয়েছে পশ্চিমবঙ্গে। এই তথ্যই বৃহস্পতিবার জানা গেলো।
দেশের সবচেয়ে গভীরতম রেল স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০ মিটার গভীরে অবস্থিত। দেশের গভীরতম রেল স্টেশনটি এখনও পর্যন্ত বাণিজ্যিকভাবে পথ চলা শুরু করেনি। এই রেলস্টেশনটি এই মুহূর্তে রয়েছে নির্মীয়মানের শেষ পর্যায়ে। দেশের গভীরতম এই রেলস্টেশনটি হলো হাওড়া ময়দান মেট্রো রেল স্টেশন। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের আওতায় রয়েছে এই স্টেশনটি। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি গঙ্গার নিচ দিয়ে বাণিজ্যিকভাবে মেট্রো চলাচল শুরু করবে। ইতিমধ্যেই বুধবার গঙ্গার নিচে দিয়ে প্রথম দুটি রেক চলাচল করে। তবে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে আরও কয়েকদিন পরে।
