kolkata

2 years ago

Sujay Krishna Bhadra: জেলে ফিরেই অসুস্থ ‘কালীঘাটের কাকু’

Sujaykrishna Bhadra (File Picture )
Sujaykrishna Bhadra (File Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবারই প্যারোলের মেয়াদ শেষের পর ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র কে সংশোধনাগারে ফেরানো হয়, কিন্তু জেলে ফিরেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

সোমবার সকাল ১১টা নাগাদ জেলে নিয়ে যাওয়া হয় সুজয়কে। কিন্তু সূত্রের খবর, জেলে ফিরেই বমি করেন তিনি। এ ছাড়া, তাঁর বুকে ব্যথার সমস্যাও রয়েছে। সংশোধনাগারের চিকিৎসক প্রাথমিক ভাবে সুজয়ের স্বাস্থ্যপরীক্ষা করেন। দেখা যায়, তাঁর রক্তচাপ এবং অক্সিজেনের মাত্রায় কিছু তারতম্য হয়েছে। তার পর সাড়ে ১১টা নাগাদ এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ‘কালীঘাটের কাকু’কে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত সুজয়কে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। তাঁর ইসিজি করার পরামর্শও দেওয়া হয়েছে।সদ্য সুজয়ের স্ত্রী বাণী ভদ্রের মৃত্যু হয়েছে। দীর্ঘ দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।স্ত্রীবিয়োগ পরবর্তী পরিস্থিতি বিবেচনা পরে সুজয়ের প্যারোলের মেয়াদ ১৬ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। সোমবার ১৭ জুলাই তাঁর প্রেসিডেন্সি জেলে ফেরার কথা ছিল। কিন্তু ফিরেই তিনি অসুস্থ হয়ে পড়লেন।

মূলত তিনটি শর্তে ‘কালীঘাটের কাকু’র প্যারোলের মেয়াদ প্রায় বৃদ্ধি করেছিল আদালত। এক, ১৬ জুলাই পর্যন্ত তাঁর ছায়াসঙ্গী হয়ে থাকবেন ইডির এক জন অফিসার। দুই, পারলৌকিক ক্রিয়া সংক্রান্ত বিষয়ে কোনও মন্দিরে বা অন্যত্র যেতে হলেও তাঁকে ১০ কিলোমিটার পরিধির মধ্যেই থাকতে হবে। তিন, ১০ কিলোমিটার পরিধির মধ্যে কোথাও যেতে হলে, সে কথা ৪৮ ঘণ্টা আগে জানিয়ে রাখতে হবে ইডিকে। তবে একই সঙ্গে হাই কোর্ট জানিয়েছিল, সুজয় ওই ক’দিন তাঁর জন্য নির্দিষ্ট করা পরিধির মধ্যে কোথাও গেলে, তাঁর সঙ্গে তাঁর পরিবারের কয়েক জন সদস্যও থাকতে পারবেন।শর্ত অনুযায়ী, প্যারোলে সুজয়ের সঙ্গেই ছিলেন ইডি আধিকারিক। তাঁকে জেল থেকে হাসপাতালে নিয়ে আসার সময়েও তাঁরা ছিলেন বলে সূত্রের খবর।

You might also like!