
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ইডি তলব করেছিল রুজিরাকে, তবে নির্ধারিত সময়ে সেখানে পৌঁছাতে পারেনি তিনি। বৃহস্পতিবার বেলা ১২টা ৩০ মিনিট নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। বৃহস্পতিবার সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে সিজিও কমপ্লেক্স। ইডির দফতরে প্রবেশ নিয়েও কড়াকড়ি করছে পুলিশ। ইডির দফতরের বাইরে বিধাননগর থানার পুলিশ মোতায়েন রয়েছে। ব্যারিকেড দিয়েও ঘিরে রাখা হয়েছে। সূত্রের খবর, রুজিরাকে জেরা করতে দিল্লি থেকে ইডির আধিকারিকেরা সিজিও কমপ্লেক্সে এসেছেন। দিল্লি থেকে আসা এক জন আধিকারিক হলেন পঙ্কজ কুমার। তাঁর সঙ্গে এসেছেন সহকারী ডিরেক্টর পদের এক কর্তাও।
এর আগে কয়লা পাচার মামলায় গত বছর জুন মাসে অভিষেকপত্নী রুজিরাকে তলব করেছিল ইডি। সন্তান কোলে নিয়ে সে সময় হাজিরাও দিয়েছিলেন। টানা ৬ ঘণ্টা জেরা করা হয়েছিল। এবার ফের সিজিওতে ডাকা হয় রুজিরাকে। সূত্রের খবর, কিছুদিন আগে দিল্লি থেকে শহরে এসেছিলেন ইডি’র ডিরেক্টর সঞ্জয় মিশ্র। কলকাতার অফিসারদের সঙ্গে কয়লা পাচার তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। তখনই অভিষেক পত্নীকে ফের ডাকা হবে, এমনটা ঠিক হয়। সেই মতো বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরার কথা বলা হয় রুজিরাকে।
