
কলকাতা, ১৩ জুন : রাজ্য সরকার ও রাজভবনের মধ্যে দ্বৈরথের জেরে আচার্য মনোনীত অস্থায়ী উপাচার্যদের বেতন ও ভাতা বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বিষয়টি নিয়ে আইনি প্রশ্ন উঠেছে নানা মহলে। দু’দফায় সম্প্রতি এ ভাবে ১৪ জন অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যের এবং বিক্ষুব্ধ একদল উপাচার্যের অভিযোগ, ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা না-করে’ এই সব নিয়োগ হয়েছে। রাজ্যের উচ্চশিক্ষা দফতর থেকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের কাছে লিখিত নির্দেশ পৌঁছেছে, ওই সব অস্থায়ী উপাচার্যের নিয়োগ বেআইনি। তাই তাঁরা বেতন ও ভাতা পাবেন না। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই জানিয়েছিলেন, উচ্চশিক্ষা দফতরের সঙ্গে আলোচনা ছাড়াই রাজ্যপাল যাঁদের অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করেছেন, রাজ্য সরকার তাঁদের স্বীকৃতি দিচ্ছে না। ‘বেআইনি ভাবে’ নিযুক্ত সেই উপাচার্যদের পদ প্রত্যাখ্যান করার অনুরোধও জানান তিনি। তবে এক জন ছাড়া সকলেই অস্থায়ী উপাচার্যের পদে যোগ দিয়েছেন। তার পরে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, এই বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হবে। তার পরেই এ দিন উচ্চশিক্ষা দফতরের নির্দেশ পৌঁছয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। বিষয়টি নিয়ে এই মুহূর্তে সংশ্লিষ্ট ১৪ উপাচার্যদের কেউ প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন। তবে মঙ্গলবার তাঁদের ২-১ জন এই প্রতিবেদককে বললেন, “রাজ্যপালের এই মনোনয়ন নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। মঙ্গলবারই এর শুনানী হতে পারে। বিচারাধীন বিষয়ের ওপর রাজ্য কীভাবে বিজ্ঞপ্তি জারি করে?“ মন্তব্য করতে রাজি নন রেজিস্ট্রাররাও। তাঁদের একজন জানান, “এ ব্যাপারে রাজ্যের নির্দেশিকা পেয়েছি। আইন মেনেই সিদ্ধান্ত নেওয়া হবে।”
