
কলকাতা, ২৭ আগস্ট : রবিবাসরীয় সকালে মহানগরীতে পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক ফুটপাথবাসীর। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বেনিয়াপুকুর এলাকার সার্কাস অ্যাভিনিউয়ের কাছে। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে সার্কাস অ্যাভিনিউয়ের কাছে একটি দুধের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে। ধাক্কার অভিঘাতে দাঁড়িয়ে থাকা গাড়িটি গিয়ে সোজা ফুটপাথে উঠে পড়ে। সেখানেই ঘুমিয়ে ছিলেন এক ব্যক্তি। গাড়িটি তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
এ দিকে ধাক্কা মারার পর সুযোগ বুঝে দুধের গাড়িটি পালিয়ে যায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুধের গাড়িটিকে ধরার চেষ্টা চলছে। রাস্তার ধারে পার্ক করে রাখা গাড়িটির মালিককেও ডেকে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
