
কলকাতা, ৬ জুন : “বিজেপিকে বিসর্জন দেওয়ার মতো কোনও বাপের ব্যাটা এখনও জন্মায়নি।” মঙ্গলবার এই মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় বলেছেন, “আগামি দিনে বিজেপির ভবিষ্যত গঙ্গায় বিসর্জন দেবো”। মঙ্গলবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমনে এসে এ ব্যাপারে প্রতিক্রিয়ায় দিলীপবাবু বলেন, “যান গঙ্গাস্নান করে আসুন; যা পাপ করেছেন ধুয়ে যাবে। বিজেপিকে বিসর্জন দেওয়ার মতো কোন বাপের ব্যাটা এখনও জন্মায়নি।”
রাজ্যের মন্ত্রী মলয় ঘটককেও ইডির তলব প্রসঙ্গে দিলীপবাবু বলেন, “আগেও ডেকেছে। আরো অনেককে ডাকবে। এই যে বছরের পর বছর কোটি কোটি টাকার কয়লা কেলেঙ্কারি চলছে। তার ভাগ অনেকেই পেয়েছে। আমরাও জানি সবাই জানে। ডাকা হয়নি এতদিন। এবার ডাক শুরু হয়েছে। এবারে ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে’— যেতে হবে সবাইকে।”
