
কলকাতা, ২৭ অক্টোবর : রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের 'ঘনিষ্ঠ' হিসেবে পরিচিত ব্যবসায়ী বাকিবুর রহমানের আরও সম্পত্তির হদিশ মিলেছে, এমনটাই জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেল ইডি। বাকিবুর ও তাঁর আত্মীয়ের নামে ৯৫ জায়গায় সম্পত্তির হদিশ মিলেছে, ইডি সূত্রে দাবি।
প্রায় ১০০ কোটি টাকা সম্পত্তির হদিশ মিলেছে, ইডি সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। 'বাকিবুরের ১ হাজার ৬৩২ কাঠা জমির খোঁজ মিলেছে'। বেশিরভাগ জমিই উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদ জেলার বহরমপুরে বলে দাবি ইডি সূত্রে।
