
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ব্যস্ত সময়ে ফের বিভ্রাট কলকাতা মেট্রোতে। পার্ক স্ট্রিট থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো চলাচল বিঘ্নিত হয়েছে। আপ এবং ডাউনে দু’টি করে মেট্রো চলার বদলে পার্ক স্ট্রিট থেকে সেন্ট্রাল পর্যন্ত একটি করে মেট্রো চলাচল করছে। রবীন্দ্র সদন ও পার্ক স্ট্রিটের মধ্যেও একই ব্যবস্থায় পরিষেবা চালানো হচ্ছে। পার্ক স্ট্রিট স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। ইঞ্জিনিয়াররা ইতিমধ্যেই পার্ক স্ট্রিট স্টেশনে পৌঁছেছেন। কিছু ক্ষণের মধ্যে আবার পাতালরেল পরিষেবা চালু করা যাবে বলে আশা করছেন মেট্রো কর্তৃপক্ষ।
শেষ পাওয়া খবর অনুযায়ী, পার্ক স্ট্রিট থেকে মেট্রো রেক সেন্ট্রাল স্টেশন পৌঁছলে, তারপর সেন্ট্রাল থেকে পার্কস্ট্রিট মেট্রো রেক ছাড়া হচ্ছে। আর এতেই চরম সমস্যা তৈরি হয়েছে। সব ট্রেন অত্যন্ত ধীরগতিতে চলছে। বিভিন্ন স্টেশনে মেট্রো দাঁড়িয়ে রয়েছে।
রেল আধিকারিকরাও জানাচ্ছেন, পার্ক স্ট্রিটে বিদ্যুৎ সংযোগের সমস্যা হয়েছে। দুটো পাশাপাশি চালালে লোড নেওয়া যাচ্ছে না। ফলে আপ ও ডাউন লাইনে ট্রেন চলবে না। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, “সত্যিই একটা বড় ধরনের মস্যা তৈরি হয়েছে। বিদ্যুতের ঘাটতির জন্যই এই বিপর্যয়। দ্রুত আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করছেন। জানি, যাত্রীদের সমস্যা হচ্ছে, অন্তত ২-৩ ঘণ্টা সময় লাগতে পারে।”
