kolkata

2 years ago

Major Fire breaks out in Howrah: হাওড়ার মঙ্গলাহাটে বিধ্বংসী আগুন; পুড়ে ছাই বহু দোকান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর

Major Fire breaks out in Howrah (Collected)
Major Fire breaks out in Howrah (Collected)

 

হাওড়া, ২১ জুলাই : বিধ্বংসী আগুনে লন্ডভন্ড হয়ে গেল হাওড়া থানা সংলগ্ন মঙ্গলাহাট। বৃহস্পতিবার গভীর রাতে আচমকাই আগুন লাগে পোড়া মঙ্গলাহাটে। আগুনের লেলিহান শিখায় পুড়ে গিয়েছে বহু দোকান। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি, তবে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। হাওড়ার বিভাগীয় দমকল অফিসার রঞ্জন কুমার ঘোষ বলেছেন, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। দমকলের ১৮টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

দমকল সূ্ত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎই আগুন লেগে যায় মঙ্গলাহাটে। স্থানীয় বাসিন্দারা দেখেন হাটের দোকানগুলি দাউ দাউ করে জ্বলছে। অগ্নিকাণ্ডে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হাটের কাছেই হাওড়া থানা। প্রথমে থানায় খবর দেওয়া হয়। থানা থেকে খবর যায় দমকলে। একে একে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ১৮টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু হয়।

দমকল সূত্রে জানা গিয়েছে, রাত একটা নাগাদ প্রথম আগুন লাগে। হাটের ছোট ছোট দোকানগুলিতে প্রচুর পরিমাণে জামাকাপড় মজুত ছিল। দোকানগুলি বাঁশ এবং কাঠের কাঠামো দিয়ে তৈরি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রায় পাঁচ হাজার বর্গফুট এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ এবং দমকল। দমকলকর্মীরা জানিয়েছেন, ঘটনাস্থলের সামনেই গঙ্গা এবং দমকলের সদর দফতর থাকায় আগুন নেভানোর কাজে জলের কোনও অভাব হয়নি।

You might also like!