
কলকাতা, ১০ অক্টোবর : আয়তন বাড়বে কলকাতা পুরসভার আওতার। আপাতত ১৪৪টি ওয়ার্ড নিয়ে এই পুরসভা। যুক্ত হবে তিনটি সংলগ্ন পঞ্চায়েত এলাকা। ই এম বাইপাসের পূর্বদিকে এই তিন পঞ্চায়েত এলাকায় বাসিন্দার আনুমানিক সংখ্যা কয়েক হাজার।
কলকাতা পুরসভা আগে ছিল মোট ১০০টি ওয়ার্ড নিয়ে। গত শতকের শেষদিকে যাদবপুর, বেহালা ও গার্ডেনরিচের বিভিন্ন পঞ্চায়েত এলাকা নিয়ে তৈরি হয় ৪১টি ওয়ার্ড। এখন এই ১৪১টি ওয়ার্ডের আয়তন ২০৬ বর্গ কিলোমিটার। প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা ২৪,২৫২। সপ্তাহে কাজের দিনগুলোয় প্রায় ৬০ হাজার লোক প্রতিদিন বাইড়ে থেকে আসেন এ শহরে।
যে তিন অঞ্চল কলকাতা পুরসভার সঙ্গে পুক্ত করা হবে, সেগুলো হল মুকুন্দপুর, জগতিপোতা এবং ভগবানপুর। আগে এইসব এলাকা ছিল মূলত চাষের জায়গা এবং ভেড়ি। বেশ কয়েক বছর ধরে তৈরি হয়েছে অনেক বাড়িঘর। কিন্তু রাস্তাঘাট, নিকাশি ও আলোব্যবস্থা যথেষ্ঠ উন্নত নয়।
পুরসভার এক আধিকারিক জানান, বাইপাসের ওপর দিয়ে মেট্রো রেলের লাইন তৈরি হয়ে গিয়েছে। ফলে সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলে তৈরি হচ্ছে ফ্ল্যাটবাড়ি। গোটা তল্লাট পুরসভার আওতায় এনে পরিকল্পিত উন্নয়ন করলে একদিকে ভবিষ্যতে নাগরিক পরিষেবার দিক থেকে সুবিধা হবে। অন্যদিকে, বছরে পুরকর আদায় হবে ১০-১২ কোটি টাকা।
