
কলকাতা, ৬ জুন : কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক! কাতারগামী বিমানে বোমা রাখা আছে বলে চিৎকার করতে থাকেন এক যাত্রী, স্বাভাবিকভাবেই ছড়ায় আতঙ্ক। মঙ্গলবার ভোররাতে ৫৪১ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে দোহা হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল কাতার এয়ারলাইন্সের একটি বিমানের। বিমানবন্দর সূত্রে খবর, ভোররাত ৩.২৯ মিনিটে টেক-অফের আগে এক যাত্রী বিমানে বোমা রাখা আছে চিৎকার করতে শুরু করেন।
তড়িঘড়ি নামিয়ে আনা হয় যাত্রীদের। পুলিশ কুকুর নিয়ে তল্লাশি শুরু হয়। বিমানবন্দর সূত্রে খবর, ওই যাত্রী মানসিকভাবে অসুস্থ বলে তাঁর পরিবার জানিয়েছে। যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সিআইএসএফ। ওই যুবক জানিয়েছে, তাকে না-কি একজন জানিয়েছে বিমানে বোমা রাখা আছে। যদিও ওই ব্রিটিশ নাগরিকের বাবার দাবি, তাঁর ছেলে বিরল মানসিক রোগে আক্রান্ত। সেই জন্যই এই আতঙ্ক ছড়ালেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ভোররাত থেকে তল্লাশি চললেও কোনও সন্দেহজনক বস্তু মেলেনি বিমানে।
